ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ থেকে পাট-ওষুধ আমদানি বাড়ানোর আহ্বান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক ক‌রেন প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ও ওষুধ আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের।

জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই।

এ সময় কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনির সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে।

এ বিষয়ে আলোচনার পাশাপাশি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

এএইচএ
আরও পড়ুন