ইরানের সঙ্গে সীমান্তপথ বন্ধ করলো ইরাক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করে দিয়েছে ইরাক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নির্দেশে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরাকের ভূখণ্ড থেকে সৌদি তেল পাইপলাইন লক্ষ্য করে ড্রোন হামলার পর সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শালামচেহ ইরান ও ইরাকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ। দুই দেশের মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহনে সীমান্ত ক্রসিংটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে ২০২৬ সালের জুলাইয়ে শালামচেহ সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুজন নিহত এবং আরও ১১ জন আহত হন।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে ড্রোন হামলার পর ইরাকের এই সীমান্তপথ বন্ধের সিদ্ধান্তে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার অভিযোগ ওঠায় বাগদাদকে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার চাপের মুখে পড়তে হতে পারে।

তবে সীমান্তপথটি কতদিন বন্ধ থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কখন পুনরায় চালু করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সময়সীমা জানানো হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত