ফ্রান্সের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত হেলিকপ্টারে করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার ঠিক আগে (জিএমটি ১৮:০০) রুয়েন শহরের ঠিক দক্ষিণে ক্লেয়ন (Cléon) এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়েন ও ক্যান (Caen) শহরের মধ্যে চলাচল করছিল। পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১৮০ জন যাত্রী অবস্থান করছিলেন।
খবর পাওয়ার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত একযোগে বিশাল জরুরি উদ্ধার অভিযান চালু করে। ঘটনাস্থলে ১৪০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী ও একাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, তীব্র ঝাঁকুনিতে ট্রেনটির ৩টি বগি উল্টে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিগুলোতে আতঙ্কিত যাত্রীদের দুর্ঘটনাকবলিত ট্রেন ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।
তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা 'SNCF' জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প বাস সেবার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
গণমানুষের কণ্ঠস্বর শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ