জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ইউনিয়নের ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে ভোট গণনা করা হয়। রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।

সভাপতি পদে এম এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে জয় পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু পান ২ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, নির্বাচনে ৩ হাজার ৬৪৫ জন ভোট দিয়েছেন। মোট ভোটারের হিসাবে ভোট পড়ার হার প্রায় ৭৭ শতাংশ।

এবার ইউনিয়নের ২১টি পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির ও সাজ্জাদ হোসেন।

এমইউ
আরও পড়ুন