উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠকে ট্রাম্পের আপত্তি নেই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে হরমুজ প্রণালি নিয়ে প্রস্তাবিত বৈঠক নিয়ে নিজের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলতি বছরের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে বলে আবারও প্রত্যাশা জানিয়েছেন তিনি। এমনকি নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প।

আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান ও উপসাগরীয় দেশগুলোর প্রস্তাবিত বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি পরোয়া করি না। এটা তাদের ব্যাপার।’ হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরিণতি নিয়েও নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি বলেন, চলতি বছরই যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করছেন। এমনকি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অথবা তার ঠিক পরেই যুদ্ধ শেষ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরান মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই যুদ্ধ শেষ করবে, হয়তো তার আগেই। তবে মধ্যবর্তী নির্বাচনের পরপরই এটি শেষ হবে। জ্বালানির দাম পাথরের মতো দ্রুত পড়ে যাবে।’

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে মরিয়া বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান বারবার যোগাযোগ করছে এবং তারা একটি চুক্তি করতে চায়। তবে নিজের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তিতে যেতে চান না যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের একটি কথা বলব, ইরান খুব মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। তারা নিয়মিত ফোন করছে। তারা চুক্তি করতে চায়। তবে তাদের সঠিক চুক্তি করতে হবে। আমি এমন কোনো চুক্তি করব না, যা ভালো নয়।’

এদিকে রাশিয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি রাশিয়ায় ডিজেল জ্বালানির স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, জেলেনস্কি যেন রাশিয়ার ডিজেল জ্বালানির ওপর হামলা চালানো বন্ধ করেন। এসব হামলার কারণে সেখানে ডিজেলের ঘাটতি তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির বিষয়টি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কিত নয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। সূত্র: টাইমস অব ইসরায়েল 

এএস
আরও পড়ুন