মার্কিন পাইলট উদ্ধারের গল্প পুরোপুরি কাল্পনিক: মোহেবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

ইরানে মার্কিন পাইলট উদ্ধারের ঘটনাকে সাফল্য হিসেবে তুলে ধরতে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপহাস করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। তিনি বলেছেন, এ ঘটনা নিয়ে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত গল্পটি পুরোপুরি কাল্পনিক।

ইরানের সরকারি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মোহেবি বলেন, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের সময় ইরানে মার্কিন পাইলটকে উদ্ধারের বিষয়ে আমেরিকান সংবাদমাধ্যম যে বর্ণনা দিয়েছে, তা বিশ্বাস করার মতো নয়।

তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের একটি প্রতিবেদনে ওই ঘটনা তুলে ধরা হয়েছে। কিন্তু এর বর্ণনা অনেকটা হলিউডের চলচ্চিত্রের চিত্রনাট্যের মতো। ব্যর্থ আগ্রাসন থেকে একটি সাফল্যের গল্প তৈরি করতেই এমন প্রচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মোহেবি বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই বর্ণনা মেনে নেবে না, কারণ এটি কাল্পনিক এবং গ্রহণযোগ্য নয়। তার দাবি, মধ্য ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে যে মার্কিন পাইলটের কথা বলা হচ্ছে, তিনি সিবিএস নিউজকে তার বেঁচে যাওয়ার বিষয়ে এমন একটি গল্প বলেছেন, যা বিশ্বাস করা কঠিন।

ইরানি এই জেনারেল বলেন, ওই মার্কিন পাইলট দাবি করেছেন, তার এফ-১৫ যুদ্ধবিমান ইরানের সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়ার পর তিনি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে নিচে পড়ে যান। অথচ তার প্যারাসুট খোলেনি এবং শেষ পর্যন্ত তিনি একটি পাহাড়ের গভীরে গিয়ে পড়েও বেঁচে যান বলে দাবি করা হয়েছে।

মোহেবির ভাষ্য, বিদেশে পরিচালিত বিভিন্ন যুদ্ধে নিজেদের সাফল্য দেখাতে যুক্তরাষ্ট্রের কাল্পনিক গল্প তৈরির ইতিহাস রয়েছে। ইরানে ব্যর্থ আগ্রাসন থেকেও সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছে ওয়াশিংটন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক বিভিন্ন পক্ষের কাছ থেকেও সামরিক অভিযানে প্রকৃত অর্জন কী হয়েছে, তা নিয়ে তীব্র চাপ রয়েছে। এ কারণেই ব্যর্থ আগ্রাসন থেকে সাফল্য তৈরির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই বিব্রত করছে। পাইলটের সাক্ষাৎকারকে কেন্দ্র করে তৈরি এসব প্রচেষ্টা কোনো সাফল্য বয়ে আনবে না; বরং শেষ পর্যন্ত তা উপহাসের কারণ হয়ে দাঁড়াবে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন