মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটি ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলাচলের সময় একটি অজ্ঞাত আকাশযানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজে থাকা এক নাবিক গুরুতর আহত হন এবং পরে মারা যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, নিহত নাবিকের নাম গন্ধার নাহিম আজিজ। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। সোনোয়াল বলেন, হামলার পর ওমানের কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে ১৩ জন নাবিককে উদ্ধার করে। নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান মন্ত্রী। উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং তাদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে নিহত নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।
তবে জাহাজটিতে হামলার জন্য দায়ী পক্ষ, হামলার উদ্দেশ্য কিংবা অজ্ঞাত আকাশযানটির ধরন সম্পর্কে ভারতীয় মন্ত্রীর বক্তব্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।
‘ভাড়াটে বাহিনী' দিয়ে ইরানী পুলিশ কর্মকর্তাকে হত্যা
চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের