বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের যে নির্দেশনা দিলো দূতাবাস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসীদের জন্য জারি করা এক নির্দেশনায় এ আহ্বান জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা গেলেও চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে। অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বিষয় এড়িয়ে চলতে হবে

সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করার জন্য নির্দেশনায় বলা হয়েছে। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার জন্যও সতর্ক করেছে দূতাবাস।

একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত