জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব আটকে দিতে রাশিয়া ও চীনের দেওয়া ভেটো ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি রাশিয়া ও চীনের এই সমর্থনের জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জালালি বলেন, ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহারের যুক্তরাষ্ট্রের নিরলস প্রচেষ্টা আবারও রাশিয়া ও চীনের ভেটোর কারণে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের পরমাণু সমঝোতার অধীনে যেসব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছিল, সেগুলো পুনর্বহালের চেষ্টা চালানো হচ্ছিল।
জালালি বলেন, রাশিয়া ও চীনের মূল্যবান সমর্থন যথাযথভাবে প্রশংসার দাবিদার এবং এটি ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তাঁর মতে, নিষেধাজ্ঞার মতো পুরোনো ও সেকেলে হাতিয়ার অতীতের সময়ের বিষয় হয়ে গেছে এবং এর কার্যকারিতাও হারিয়েছে।
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, আগামী দিনের বিশ্ব তাদের, যারা বহুমেরু বিশ্বব্যবস্থা ও বহুপক্ষীয় সহযোগিতায় বিশ্বাস করে। ইরানের জনগণের ধৈর্য ও দৃঢ়তা সেই সময়ের দিকে এগিয়ে যেতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনও ইরানবিরোধী মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ওই মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়নি।
ইরানের স্থায়ী মিশন জানায়, প্রস্তাবটির লক্ষ্য ছিল অবৈধভাবে গঠিত ১৭৩৭ নম্বর প্রস্তাব-সংশ্লিষ্ট কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রম পুনরায় চালু করা। তবে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
'কুমিরের কান্না বন্ধ করুন', বারোকে আরাঘচি
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের হস্তক্ষেপ নয়: আরাঘচি
আলজেরিয়ায় ফ্রান্সের গণহত্যার কথা স্মরণ করিয়ে দিলেন আরাঘচি