আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের হাতে প্রায় ১৫ লাখ আলজেরীয় নিহত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাস তুলে ধরে তিনি প্যারিসের অবস্থানের সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আরাঘচি বলেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্স প্রায় ১৫ লাখ আলজেরীয়কে হত্যা করেছিল। তার দাবি, প্যারিস ওই হত্যাকাণ্ডের এক-দশমাংশেরও কম ঘটনা নথিভুক্ত করেছে এবং নিজেদের ঔপনিবেশিক অপরাধের জন্য এখনো ক্ষমা চায়নি।
১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত চলা আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে আরাঘচি বলেন, ফরাসি বাহিনীর হাতে বিপুলসংখ্যক আলজেরীয় নিহত হন। একই সঙ্গে তিনি ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় সংঘটিত সহিংসতা ও বাস্তুচ্যুতির বিষয়টিও সামনে আনেন।
ফ্রান্স ১৮৩০ সালে আলজেরিয়া দখল করে এবং ১৯৬২ সালে দেশটি স্বাধীনতা অর্জন করা পর্যন্ত সেখানে ঔপনিবেশিক শাসন চালায়। আট বছর ধরে চলা স্বাধীনতা যুদ্ধে ব্যাপক সংঘর্ষ, মানুষের জোরপূর্বক স্থানান্তর এবং ফরাসি বাহিনীর হাতে নির্যাতনের ঘটনা ঘটে।
আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। আলজেরীয় ইতিহাসবিদ ও জাতীয় মুক্তি ফ্রন্ট প্রায় ১৫ লাখ নিহতের কথা উল্লেখ করলেও অন্যান্য ঐতিহাসিক হিসাব তুলনামূলকভাবে কম। এ ছাড়া সংঘাতের সময় ২০ লাখের বেশি আলজেরীয় জোরপূর্বক স্থানান্তরিত বা বাস্তুচ্যুত হয়েছিল বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
পাকিস্তানে মসজিদে হামলায় ইরানের নিন্দা
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
মার্কিন যুদ্ধবিমান শিকারের যুগ শুরু: গালিবাফ