যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় বসতে তিনটি শর্ত মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রেজাই জানান, আলোচনায় ফেরার শর্ত হিসেবে ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, দেশটির জব্দ করা অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এসব শর্ত ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইরানের এই শর্ত নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন রেজাই। তার ভাষ্য অনুযায়ী, তেহরান এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের অবসান ও আলোচনার পথে ফেরার বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব শর্তে কী প্রতিক্রিয়া জানিয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: ডন
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইসহাক দার-আরাঘচি আলোচনা
ইরানবিরোধী প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো ঐতিহাসিক: জালালি