মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। হামলায় মস্কোর একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শনিবার থেকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করেছে। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে এগিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, হামলায় পৃথক দুটি ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। আরও ছয়জন আহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

সোবিয়ানিন জানান, কয়েকটি ড্রোন মস্কো অয়েল রিফাইনারির এলাকায় পৌঁছে স্থাপনাটির ক্ষতি করেছে। রয়টার্সের সাংবাদিকেরা ওই এলাকায় বিস্ফোরণের শব্দ এবং শোধনাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, একটি ড্রোন ২১ তলা একটি আবাসিক ভবনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। প্রায় ৪০০ বাসিন্দাকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে ৭০ জন শিশু ছিল। কয়েকটি বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার তিন দিনের পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনেই এই হামলা হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই হামলাটি পরিকল্পনা করা হয়েছিল। তবে তিনি দাবি করেন, সেই উদ্দেশ্য সফল হয়নি।

ইউক্রেন এখনো রাশিয়ার সর্বশেষ হামলার দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে ড্রোনের সুনির্দিষ্ট সংখ্যা, হামলার লক্ষ্য এবং ক্ষয়ক্ষতির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এর ফলে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ ব্যাহত হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির খবর পাওয়া গেছে।

মস্কো অয়েল রিফাইনারিও এর আগে ইউক্রেনীয় হামলার লক্ষ্য হয়েছে। ২০২৪ সালে স্থাপনাটি ১ কোটি ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করেছিল বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে একই সময়ে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ১৩৮টি বিভিন্ন ধরনের ড্রোন ছুড়েছিল, যার মধ্যে ১০১টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে।

এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই মস্কো অঞ্চলে সর্বশেষ বড় ড্রোন আক্রমণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি এবং উভয় পক্ষের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করার কৌশলকে আবারও সামনে এনেছে।

এমএজেড
আরও পড়ুন