রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে এসিল্যান্ড প্রত্যাহার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যা। প্রথমে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ও অভিযোগ ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মোহাম্মদ নিয়ামত উল্ল্যা গত ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা এসিল্যান্ড হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।

নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন বলেন, নিয়ামত উল্ল্যার সঙ্গে তিনি কথা বলেছেন। নিয়ামতের ভাষ্য অনুযায়ী, চাকরিজীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছেন। ওই সময় তার কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এছাড়া টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তার ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও নানা দাবি করা হয়েছে। এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন তিনি।

গৌরীপুর ইউএনও আফিয়া আমিন বলেন, ‘রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থের কথা বলা হয়েছে। প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। ওইদিন সন্ধ্যায় এসিল্যান্ড কর্মস্থল ত্যাগ করেছেন।’ কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও আফিয়া আমিন। তার ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট প্রকাশিত হয়েছে। এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।’

জেএম
আরও পড়ুন