বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহের সাত দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। একই সঙ্গে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণকালে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন। এ সময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাছিম উল আলমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালে। ১৯৯৯ সালে বিমানবন্দরটির নির্মাণকাজ শুরু হয়। পরে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু করা হয়। সংগঠনটির দাবি, ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন উড়োজাহাজ দিয়ে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তী সময়ে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বৃহস্পতি, শুক্র ও রোববার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
তাদের দাবি, বরিশাল সেক্টরে সপ্তাহের সাত দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে।
এ ছাড়া যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে, এই রুট চালু হলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষকে চট্টগ্রামে যেতে ঢাকা হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিতে হয়। সড়কপথে বরিশাল থেকে চট্টগ্রাম যেতে প্রায় ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের একটি অংশ সড়কপথে যশোর ও বেনাপোল হয়ে কলকাতায় যাতায়াত করেন। যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যশোর ও বেনাপোলের যোগাযোগও সহজ হবে বলে দাবি করেছে সংগঠনটি।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়ে নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা প্রয়োজন। এতে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও উপকৃত হবে।
বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
কক্সবাজারের সৈকতে ভেসে এলো ৩ মরদেহ
৪ দিন ধরে সাগরে ভাসছে ১৮ জেলে, নেই উদ্ধার অভিযান