বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

বরগুনার পাথরঘাটায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব পোশাকের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। এ ঘটনায় একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি পাওয়া যায়। পরে এসব পোশাক জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পোশাক, যানবাহন ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন