রাজধানীর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী।

আদেশে সরাসরি কোনো ঘটনার উল্লেখ না করে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরকে থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, থানার মাত্র এক কিলোমিটারের মধ্যে এমন নজিরবিহীন তাণ্ডব চলাকালে পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ২০০ থেকে ২৫০ জনের একদল দুর্বৃত্ত মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মূল্যবান চিকিৎসাসামগ্রী, ওষুধ, শিশুদের টিকা ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এমনকি ভাঙচুর শেষে জায়গাটিতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, হামলার সময় তাৎক্ষণিকভাবে শাহ আলী থানা-পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে গিয়ে স্থাপনা রক্ষা করতে পারেনি বা দৃশ্যমান কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিন পরিদর্শন করেন ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সে সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগ খতিয়ে দেখতে ডিএমপির দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্বরত কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ডিএমপি কমিশনারের সেই কঠোর বার্তার পরদিনই শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হলো।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত