জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্য ও বিভিন্ন বৈঠকে ইরানি জনগণের দুর্ভোগ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের করা অপরাধ তুলে ধরেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্ক সফর শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফেরার পথে তিনি বলেন, অধিবেশনে ইরান ও দেশটির বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কথা বলেছেন।
পেজেশকিয়ান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা তার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব বক্তব্য তাদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়ায় কিছুটা পরিবর্তন এনেছে বলেও জানান তিনি।
৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন পেজেশকিয়ান। অধিবেশন শেষে তিনি বলেন, সেখানে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি দেশটির বিশ্বাস ও মূল্যবোধের পক্ষেও কথা বলেছেন তারা।
অধিবেশনের পর বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের কথাও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং লেবানন, নেদারল্যান্ডস, পাকিস্তান, আর্মেনিয়া ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনটি সংবাদমাধ্যম ফক্স নিউজ, সিবিএস ও আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার কথা উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলোর প্রধান সম্পাদকদের পাশাপাশি দেশটির বিভিন্ন গবেষণাকেন্দ্রের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গেও বৈঠক করেছেন তারা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইরানি বিশিষ্ট ব্যক্তি ও ইরানিদের সঙ্গেও সাক্ষাতের কথা জানান পেজেশকিয়ান। তিনি বলেন, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ইরানিরা সেখানে অংশ নিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ফলপ্রসূ বৈঠক।
পেজেশকিয়ান বলেন, সব বৈঠক ও আলোচনায় তিনি ইরানি জনগণের দুর্ভোগ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের করা অপরাধের বিষয়টি তুলে ধরেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও অভিযোগ করেন।
তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন স্থানে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা পরিচালনা করে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েলও বিশ্বের যেকোনো স্থানে ব্যক্তিদের হত্যা করে, অথচ শেষ পর্যন্ত নিজেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকারী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
সপ্তাহের ব্যবধানে দুবার মৃত্যুর মুখ থেকে ফেরেন মোজতবা খামেনি
হরমুজে দ্বিতীয় মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করলো ইরান
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বিতারিত করা হবে: ইরানের সেনাপ্রধান