ইরানে ফের হামলার ঘোষণা ট্রাম্পের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আরও সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আবার সামরিক অভিযান চালানো হতে পারে কি না। জবাবে তিনি বলেন, এমনটা ‘সম্ভব’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

ট্রাম্প বলেন, তিনি মনে করছেন যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ এই যুদ্ধে জয়ী হবে। যুদ্ধ শেষ হলে তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য।

ট্রাম্পের বক্তব্যের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নতুন করে যুদ্ধ শুরু হলেও তেহরান প্রতিরোধের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার কথা বলেছেন।

আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধের অবসান নিয়ে ইরান যে প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে তেহরান এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদে প্রবেশাধিকারের মতো বিষয় রয়েছে। বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছে তেহরান। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ প্রস্তাবটিকে ‘সিনিক্যাল’ বা কূটকৌশলী বলে সমালোচনা করেছেন এবং বলেছেন, আলোচনায় বসার আগে ইরান অনেকগুলো সুবিধা চেয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত