'সাইবার আইনে যুব সমাজকে সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাবে'

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করতে চান, যার মাধ্যমে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পাবেন। বিশেষ করে যুব সমাজকে সুরক্ষা দেওয়ার বিষয়টি আইনে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, সবার আলাপ-আলোচনার মধ্য দিয়ে আইনটা সমৃদ্ধ হবে। এখানে আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাইনি, চাইও না। কোনো সাংবাদিক এটার শিকার হোক, সেটাও আমরা চাই না। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য একটা প্রস্তাবও এখানে করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।’

তিনি বলেন, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়ার কথা বলা হয়েছে। ‘সেটাও আমরা দিয়েছি, যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকে। আরও অন্যান্য বিষয়ে পরামর্শ আকারে তাদের কাছ থেকে আমরা পাবো। সেটা সমন্বয়ের জন্য আমরা পিআইইউকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি সমন্বয় করবে। সংবাদপত্রের সম্পাদক পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার সংগঠনের প্রতিনিধিরাও এতে থাকবেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে, যা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় করবে। সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আশা করছি সাত থেকে ১৫ দিনের মধ্যে সুপারিশগুলো পাবো। ১৫ দিন পরে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা কমিটির সদস্য, সবার সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবো। এরপর সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার আগে ওয়েবসাইটে প্রকাশ করবো।’

ওয়েবসাইটে প্রকাশের পরও মতামত দেওয়ার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা মতামত দেওয়ার জন্য আপনাদের স্বাধীনতা থাকবে। সেটাও আমরা গ্রহণযোগ্য হলে সেটা ধারণ করবো। তারপরে বিল আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিধি মোতাবেক আন্তমন্ত্রণালয় সভা হয় এবং তারপরে মন্ত্রিসভায় সেটা বিবেচনার জন্য যাবে।’

মন্ত্রিসভা অনুমোদন দিলে আইনটি বিল আকারে সংসদে যাবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদে গেলেও আমরা সেটা তাড়াহুড়া করে পাস করবো না। সেখানে আলাপ-আলোচনা হবে। বিরোধী দল, সরকারি দল সবাই আলোচনা করবে। সংসদের বাইরেও আশা করি, বিভিন্ন রকমের সেমিনার-সিম্পোজিয়াম আপনারা করবেন। সেখান থেকেও মতামত আসবে।’

সবকিছু মিলিয়ে এমন একটি আইন করার লক্ষ্য জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে রক্ষা করতে পারবো। বিশেষ করে আমাদের যুব সমাজ, তাদের আমরা রক্ষা করতে পারবো।’

এএম
আরও পড়ুন