সোমালিয়ার উপকূলে জলদস্যুদের জিম্মি দশা থেকে একটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তবে উদ্ধারের আগেই জাহাজে থাকা পাঁচ নাবিককে নির্মমভাবে হত্যা করেছে জলদস্যুরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ নামের এই ট্যাংকারটিতে গত ২১ এপ্রিল হামলা চালায় জলদস্যুরা।
স্থানীয় সময় গত মঙ্গলবার সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহত পাঁচ নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক। এছাড়া এই হামলায় পাকিস্তানের তিনজন এবং ভারতের একজনসহ মোট চারজন নাবিক গুরুতর আহত হয়েছেন।
উদ্ধার অভিযানে ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করেছে পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স। বর্তমানে জাহাজটি সম্পূর্ণ নিরাপদ এবং সোমালীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে কেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল বহনকারী এই জাহাজ উদ্ধারের আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক সময়ে সোমালিয়া উপকূলে জলদস্যুদের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিচ্ছে এই দস্যুরা।
সূত্র: আল জাজিরা
১ অক্টোবর কেন কফি দিবস?