পানির নিচে একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় ড্রোন চালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে চীন। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং শিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের যৌথ উদ্যোগে এ পরীক্ষা চালানো হয়েছে।
গত ২৯ আগস্ট একটি সুইমিং পুলে এই সফল পরীক্ষাটি সম্পন্ন হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষাটি পরে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
পরীক্ষায় 'টিএইচ-৬১৮' মডেলের ড্রোনগুলো কোনো মানবীয় নিয়ন্ত্রণ ছাড়াই পানিতে নামানো হয়। ড্রোনগুলো অত্যন্ত সুচারুভাবে ৩৪ মিনিটে ৫০০ মিটার পথ অতিক্রম করে নতুন মাইলফলক স্পর্শ করে।
পানির নিচে একসাথে এতগুলো ড্রোন নিয়ন্ত্রণ করা দীর্ঘকাল ধরে প্রযুক্তি বিশ্বে একটি বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের গবেষণা এবং দৃশ্যগত প্রযুক্তির সফল ব্যবহারের কারণে এটি সম্ভব হয়েছে।
মাত্র ৫.১৪ কেজি ওজনের প্রতিটি ড্রোনের দৈর্ঘ্য ৬১.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২০ সেন্টিমিটার। ড্রোনগুলোর সর্বোচ্চ পাল্লা ৩০ কিলোমিটার এবং এগুলো একটানা আট ঘণ্টার বেশি কাজ করতে পারে।
মোবাইল ফোনভিত্তিক ক্যামেরা ও রিয়েল-টাইম ডাটা ব্যবহার করে ড্রোনগুলো নিজেদের গতিপথ নিজে ঠিক করে। এছাড়া পথে কোনো বাধা আসলে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের পথ পরিবর্তন করে নিতে সক্ষম।
বর্তমানে এই স্বয়ংক্রিয় পানির নিচের যানগুলো সমুদ্রতলের মানচিত্র তৈরি ও পাইপলাইন পরিদর্শনে ব্যবহৃত হয়। সামরিক ও গবেষণামূলক খাতে মানবহীন এসব প্রযুক্তির ব্যবহার দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
হুথিদের মোকাবিলায় ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিলো সৌদি
ট্রাম্পের চাপে নোবেল কমিটির নতুন হিসাব-নিকাশ
মির্জাপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর