প্রাথমিক শিক্ষকদের পদায়নের তারিখ পরিবর্তন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের পদায়নের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৪ অক্টোবর) পদায়নের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর শিক্ষকদের চূড়ান্ত পদায়ন করা হবে।

দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। পদায়নের তারিখ পেছালেও ৪ অক্টোবর শুরু হচ্ছে নতুন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন। ৮ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।

পদায়নের নতুন সিদ্ধান্ত ও প্রশিক্ষণ সূচির বিষয়ে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকী বলেন, ‘পদায়নের তারিখ পরিবর্তিত হয়ে নতুন করে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে ৪ অক্টোবর নতুন শিক্ষকদের জন্য পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হচ্ছে। এটি চলবে ৮ অক্টোবর পর্যন্ত।’ তিনি জানান, এই পাঁচ দিনের অনুষ্ঠানে মোট ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নতুন শিক্ষকদের প্রাথমিক ধারণা দেওয়া হবে। এতে সরকারি চাকরির প্রয়োজনীয় নিয়োগ বিধিমালা, বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা রক্ষা গুরুত্ব পাবে। এ ছাড়া কোমলমতি শিশুদের সঙ্গে শিক্ষকদের আচরণ এবং পেশাগত দায়িত্ব পালনের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলে ৬১ জেলায় চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

পরবর্তী সময় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও একাধিক পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসগুলো নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনে অনেকের নাম বাদ পড়ায় তীব্র অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলে নিয়োগবঞ্চিত অনেক প্রার্থী নতুন করে আন্দোলনে নামেন। পরবর্তী সময় নিয়োগবঞ্চিত প্রার্থীদের অধিকাংশই নিয়োগপত্র পেয়েছেন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত