যে কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হলো জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩ অক্টোবর) অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তাঁরা নির্দেশ মেনে নিউইয়র্ক ত্যাগ করেননি।

শুক্রবার (২ অক্টোবর) তাঁরা এখনো নিউইয়র্কে অবস্থান করছেন—এ তথ্য জানতে পেরে ওয়াশিংটন তাঁদের আবারও যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়। এরপর একজন শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে দেশটি ছেড়ে যান।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিকবার সুযোগ দিয়েছেন। তবে ইরানবিরোধী মার্কিন অভিযান অনির্দিষ্টকাল ধরে চলবে না বলেও জানান তিনি।

হেগসেথ আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, কেশম দ্বীপের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ উড়োজাহাজকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করেছে।

সূত্র: শাফাক নিউজ

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত