অর্থনৈতিক যুদ্ধে শত্রুর লক্ষ্য পূরণ হতে দিইনি: পেজেশকিয়ান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

অর্থনৈতিক যুদ্ধে শত্রুপক্ষকে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে দেয়নি ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন।

পোস্টে তিনি জানান, আল্লাহর অনুগ্রহ, জনগণের সমর্থন ও সরকারের নেওয়া পদক্ষেপের কারণে শত্রুর লক্ষ্য বাস্তবায়ন ঠেকানো গেছে। বিশেষ পরিস্থিতি সামলাতে সরকার নতুন একটি ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ব্যবস্থাটি কী, তা খোলাসা করেননি।

পেজেশকিয়ান লেখেন, ‘গত কয়েক মাস ধরে শত্রুর পরিকল্পনা ছিল দেশের প্রাণশিরা কেটে দেওয়া, যাতে সম্মানিত ইরানি জনগণের ওপর চাপ তৈরি হয়।’ তিনি স্বীকার করেন, অর্থনৈতিক চাপ বেড়েছে। তবে তাঁর ভাষ্য, ‘আল্লাহর অনুগ্রহে, জনগণের সমর্থনে এবং সরকারে আমাদের সহকর্মীদের পদক্ষেপে আমরা অর্থনৈতিক যুদ্ধে শত্রুর লক্ষ্য বাস্তবায়িত হতে দিইনি।’

গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের প্রায় পাঁচ মাসের যুদ্ধ শুরু হয়। ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার একটি সমঝোতা স্মারকে সই করে। ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির আলোচনার কথা থাকলেও সাম্প্রতিক উত্তেজনার পর তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।

মে মাসে তেহরান চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেছিলেন, সামরিক ক্ষেত্রে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ইরানের অর্থনৈতিক সক্ষমতা ও মানুষের জীবিকায় আঘাত হানছে। তাঁর মতে, অর্থনৈতিক যুদ্ধই এখন মূল যুদ্ধক্ষেত্র।

আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ নামে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে পেজেশকিয়ান বলেন, ইরান অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত ‘সর্বাত্মক’ যুদ্ধের মধ্যে আছে। মূল্যস্ফীতি কমাতে সরকার আন্তরিক চেষ্টা করছে বলেও তিনি জানান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এটিটিআর
আরও পড়ুন