ইরানে পুলিশ সদস্য হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, বিদেশ থেকে পরিচালিত সহিংসতায় অংশ নিয়ে চার পুলিশ সদস্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, দণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আলীরেজা সেপাহি ও আলীরেজা রায়িসি। দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর সোমবার (৫ অক্টোবর) সাজা কার্যকর করা হয়।
বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, বছরের শুরুর দিকে ইসফাহানে সংঘটিত বিদেশ থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় চার পুলিশ সদস্য হত্যায় জড়িত ছিলেন সেপাহি ও রায়িসি। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও আনা হয়।
বিচার বিভাগের দাবি, সেপাহি একজন পুলিশ কর্মকর্তার গায়ে আগুন ধরিয়ে দেন, যখন ওই কর্মকর্তা জীবিত ছিলেন। অন্যদিকে রায়িসি নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় অংশ নেন এবং সহিংসতায় উৎসাহ দেন বলে অভিযোগ করা হয়েছে।
মিজানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভয় ও নিরাপত্তাহীনতা তৈরির উদ্দেশ্যে অস্ত্র ব্যবহারের পাশাপাশি ভূমিতে দুর্নীতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আরও কয়েকটি অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুই ব্যক্তির সাজা কার্যকর করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি
বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত ইরান: সেনাপ্রধান
ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ
ইরানে স্টারলিংকের অননুমোদিত কার্যক্রম, নরওয়ের রাষ্ট্রদূতকে তলব