বাব আল-মান্দাবে হুথিদের প্রভাব যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ: ইরান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

বাব আল-মান্দাব প্রণালিতে হুথিদের নতুন করে প্রভাব বিস্তারকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরাজয়ের আরেক ধাপ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

ইরানের ফারস সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে সাফাভি বলেন, বাব আল-মান্দাব প্রণালিতে হুথিদের নতুন প্রভাব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরাজয়ের দিকে আরেকটি পদক্ষেপ। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন তিনি।

সাফাভি বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনা সামাল দিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। সামরিক ঘাঁটি ও অস্ত্রের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করার পরও দেশটি উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিজেদের অনুকূলে পরিচালনা করতে পারেনি বলে দাবি করেন তিনি।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দাবের কাছে ধুবাব জেলা ও কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার এক দিন পর এ দাবি করেছে ইয়েমেন সরকার।

তবে ইয়েমেন সরকারের ওই দাবি অস্বীকার করেছে হুথিরা। ফলে বাব আল-মান্দাবের কাছে ধুবাব জেলা ও গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর বর্তমান নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন দাবি রয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন