জরুরি সংকেত পেয়ে লন্ডনে ফিরে গেলো যুক্তরাষ্ট্রগামী বিমান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

আকাশে উড়তে উড়তেই জরুরি সংকেত ‘Squawk 7700’ পাঠানোর পর যুক্তরাষ্ট্রগামী একটি বিমান লন্ডনে ফিরে এসেছে। উড্ডয়নের পর বিমানটি অল্প সময়ের মধ্যে প্রায় ২৮ হাজার ফুট নিচে নেমে আসে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বিমানের ট্রান্সপন্ডার থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাঠানো চার অঙ্কের বিশেষ সংকেতকে বলা হয় ‘Squawk’। এর মধ্যে ৭৭০০ কোড সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। এই সংকেত কোনো নির্দিষ্ট সমস্যার কথা জানায় না; বরং এর মাধ্যমে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে বিমানে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাদের অগ্রাধিকার দিয়ে সহায়তা ও নিরাপদ উড্ডয়নপথ প্রয়োজন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগেই ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর তেল আবিবগামী ফ্লাইট FZ1073 জরুরি সংকেত প্রচার করার পর সৌদি আরবের তাবুকে ঘুরিয়ে দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র দুই মিনিটেরও কম সময়ে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়।

পরে অভিযোগ ওঠে, বিমানের সহকারী পাইলট ককপিটে থাকা ক্যাপ্টেনকে ক্র্যাশ অ্যাক্স দিয়ে হামলা করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। ওমানের ওই নাগরিককে পরে যাত্রীরা নিয়ন্ত্রণে আনেন।

ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ককপিটের দরজা খুলে পরিস্থিতি সামাল দেওয়ার পর যাত্রীরা হামলাকারীকে পরাস্ত করতে সক্ষম হন। এ ঘটনায় ক্যাপ্টেনকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমানটিতে শিশুদেরসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। বোয়িং ৭৩৭-৮ বিমানটি শেষ পর্যন্ত সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দর, তাবুক-এ অবতরণ করে।

সাম্প্রতিক এসব ঘটনার পর আন্তর্জাতিক ফ্লাইটের নিরাপত্তা, ককপিটে প্রবেশাধিকার এবং জরুরি পরিস্থিতিতে পাইলটদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন