প্রায় সাত দশক পর ভারতের আসাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে সরাসরি পণ্যবাহী নৌযাত্রা আবারও শুরু হয়েছে। আসামের ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি কার্গো জাহাজ ব্রহ্মপুত্র নদ হয়ে ঢাকার পানগাঁও নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ১৯৪৭ সালের দেশভাগের পর এই প্রথম আসাম থেকে কোনো আন্তর্জাতিক বন্দরে সরাসরি পণ্য পরিবহন শুরু হলো।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার আনুষ্ঠানিকভাবে এই নৌপথের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কার্গো জাহাজে পাঠানো মিথানল উৎপাদন করেছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিসিএল)। নামরূপ কারখানায় উৎপাদিত এই মিথানল বাংলাদেশের ঢাকার পানগাঁও নৌবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটি প্রথমে ব্রহ্মপুত্র নদের ‘জাতীয় জলপথ-২’ ব্যবহার করে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ৭৬৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। এরপর ‘ইন্ডিয়া-বাংলাদেশ প্রোটোকল রুট’ (আইবিপিআর) অনুসরণ করে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। বগিবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো যাত্রায় পণ্যবাহী জাহাজটিকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিতে হবে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যপথের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদ কতটা কার্যকর হতে পারে, মূলত সেটিই এই যাত্রার মাধ্যমে যাচাই করা হচ্ছে। সফল হলে ভবিষ্যতে আসাম ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের পণ্য বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে সর্বানন্দ সোনওয়াল বলেন, ডিব্রুগড়ের ঘাটের সঙ্গে এই নৌপথের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। তাঁর ভাষায়, তাঁদের পূর্বপুরুষেরা ডিব্রুগড় ঘাটে স্টিমারের সিটি শুনে বড় হয়েছেন। প্রায় ৭০ বছর ধরে সেই সিটি বন্ধ ছিল। এখন আবার ডিব্রুগড় থেকে বিশ্বের উদ্দেশ্যে জাহাজ যাত্রা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নদী কখনো তাদের হতাশ করেনি; বরং দীর্ঘদিন এই নৌপথ পুনরুজ্জীবিত করার রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল।
ফ্লাইদুবাই বিমান ভূপাতিত করতে প্রস্তুত ছিলো ইসরায়েল
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করলো ১৫০ শিশু