ইরান যুদ্ধের মধ্যে জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে সম্ভাব্য গোপন হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ভির্টশাফটসভোখে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে মার্কিন সামরিক স্থাপনাগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে রামস্টাইন ও স্প্যাংডালেম ঘাঁটি। ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক তৎপরতা ও রসদ সরবরাহে এসব ঘাঁটির ভূমিকার কারণে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ আগে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও জার্মানির অংশীদারদের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কবার্তাটির কেন্দ্রে ছিল জার্মানিতে অবস্থিত এমন মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যেগুলো ইরানের বিরুদ্ধে সংঘাত-সংশ্লিষ্ট সামরিক অভিযান ও রসদ সরবরাহে সহায়তা করছে।
জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রামস্টাইন বিমানঘাঁটি বিশেষভাবে পরিচিত। স্প্যাংডালেমও দেশটিতে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি ঘাঁটি। প্রতিবেদনে এসব স্থাপনা ঘিরে সম্ভাব্য গোপন হামলার আশঙ্কার কথা বলা হলেও হামলার নির্দিষ্ট পরিকল্পনা, সম্ভাব্য সময় কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর কথিত তৎপরতা নিয়ে প্রতিবেদনে যে উদ্বেগের কথা বলা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট জার্মান ও মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সূত্র: আল-আরাবিয়া
১০ মাস পর ঘরে ফিরছেন আব্রাহাম লিংকনের নাবিকেরা
'আইআরজিসি ও সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে'