ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ৪৫টি মেট্রো স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকার কথা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। সম্ভাব্য জনসমাগম ও সংবেদনশীল এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় দিল্লি পুলিশের অনুরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রথমে ৫৭টি স্টেশনে বিধিনিষেধের ঘোষণা দেওয়া হলেও পরে সংশোধিত নির্দেশনায় তা কমিয়ে ৪৫টি করা হয়। ডিএমআরসির তথ্য অনুযায়ী, নতুন দিল্লি মেট্রো স্টেশন ছাড়া বাকি প্রভাবিত স্টেশনগুলোতে আন্তঃলাইন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখার কথা রয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী ট্রেন চলাচলে পরিবর্তন আসতে পারে। সূত্র: NDTV
দিল্লি মেট্রোর পাশাপাশি নমো ভারত রেলের সারাই কালে খান ও নিউ অশোক নগর স্টেশনও ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে আনন্দ বিহার (দিল্লি) থেকে মোদিপুরম (উত্তর প্রদেশ) পর্যন্ত নমো ভারত ট্রেন চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকার কথা।
দিল্লিতে যাতায়াতের আগে যাত্রীদের ডিএমআরসির সর্বশেষ ঘোষণা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সেন্ট্রাল দিল্লি, রেলস্টেশন ও বিক্ষোভস্থলের আশপাশে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রাখা প্রয়োজন।
তুরস্ক থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তুতি ইরানের