সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২ হাজার ৫৩২ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তাদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের খবর পান। ফলে বিদেশে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বাড়তি যাতায়াত ও থাকা খাওয়ার খরচের চাপেও পড়েছেন তারা।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী কর্মী রয়েছেন। তাদের কেউ চাকরিতে যোগ দিতে সৌদি আরবে ফিরছিলেন, আবার কেউ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।
রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে রিয়াদগামী যাত্রীদের উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। কেউ টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এয়ারলাইনসের কাউন্টারে খোঁজ নিচ্ছিলেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী করণীয় জানার চেষ্টা করছিলেন। ফ্লাইট বাতিলের পর বিকল্প যাত্রার নিশ্চয়তা না পাওয়ায় অনেকেই বুঝতে পারছিলেন না, কবে আবার সৌদি আরবে যেতে পারবেন।
রিয়াদগামী যাত্রী শাহ আলম বলেন, রিয়াদে যাওয়ার জন্য টিকিট কেটে গত আগস্টে দেশে এসেছিলেন তিনি। রোববার দুপুরে তার ফ্লাইট ছিল। কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন।
শাহ আলম বলেন, সৌদি আরবে তার কাজ রয়েছে। সময়মতো ফিরতে না পারলে সমস্যায় পড়তে হবে। ফ্লাইটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হলে তাদের ভোগান্তি কিছুটা কমত।
এর আগে শনিবার মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। এসব ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ঢাকা ও রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় ইরান-রাশিয়ার যৌথ উদ্যোগ
সিলেটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত