ইরানের প্রাচীন সামরিক ইতিহাসের দুই পর্বের স্মৃতি সামনে এনে পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি। তার দাবি, ভবিষ্যতের এক চূড়ান্ত সংঘাতে পশ্চিমা সভ্যতাকে অপমানিত হয়ে ফিরতে হবে। এ প্রসঙ্গে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে পার্থীয় ও সাসানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক বিজয়ের উদাহরণ টেনেছেন।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহেবি প্রাচীন রোমের বিরুদ্ধে ইরানি বাহিনীর সাফল্যের দুটি ঘটনা স্মরণ করেন। এর মধ্যে রয়েছে খ্রিষ্টপূর্ব ৫৩ সালে কারহাইয়ের যুদ্ধে পার্থীয় বাহিনীর হাতে রোমান সেনাপতি মার্কাস লিসিনিয়াস ক্রাসাসের পরাজয়। অন্যটি এডেসার যুদ্ধ, যেখানে সাসানীয় বাহিনীর হাতে রোমান সম্রাট ভ্যালেরিয়ান বন্দি হন।
প্রাচীন ইতিহাসের এসব উদাহরণের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গও যুক্ত করেন আইআরজিসির মুখপাত্র। তিনি দাবি করেন, ‘রমজান যুদ্ধ’ চলাকালে পারস্য উপসাগরে ইরানি বাহিনীর হাতে ‘এপস্টাইন’ বাহিনী পরাস্ত হয়েছে। তবে তার বক্তব্যে ‘এপস্টাইন’ বাহিনী বলতে কাদের বোঝানো হয়েছে, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
ভবিষ্যতের সংঘাতের প্রসঙ্গ টেনে মোহেবি বলেন, পশ্চিমা সভ্যতাকে শেষ পর্যন্ত অপমানিত হয়ে ‘বে অব পিগসে’ ফিরে যেতে হবে। বার্তার শেষাংশে তিনি লেখেন, ‘আমরা অপেক্ষায় আছি...।'
১৯৬১ সালে কিউবার বে অব পিগস এলাকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত একটি ব্যর্থ সামরিক অভিযানের স্মৃতি জড়িয়ে আছে এই নামের সঙ্গে। মোহেবির বক্তব্যে সেই ঐতিহাসিক ঘটনার উল্লেখের মধ্য দিয়ে ভবিষ্যৎ সংঘাতে পশ্চিমাদের পরাজয় ও অপমানের ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইয়েমেনের সানা-তাইজ প্রদেশে সৌদির বিমান হামলা
রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ালো সৌদি