এখন থেকে ভারতে আন্দোলন করতেও লাগবে বুকিং ফি!

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদ-বিক্ষোভের অন্যতম পরিচিত স্থান যন্তর মন্তরের অনুমোদন বাতিল করে তিনটি বিকল্প স্থান নির্ধারণের সিদ্ধান্তে নতুন সংকটের মুখে পড়েছেন আন্দোলনকারীরা। বিকল্প স্থানগুলোতে চড়া বুকিং ফি, শহরের কেন্দ্র থেকে দূরত্ব এবং জায়গা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, সিবিডি ময়দান ও বুরারি ময়দান নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিটি স্থানের ক্ষেত্রেই রয়েছে আলাদা সীমাবদ্ধতা, যা ছোট সংগঠন ও সাধারণ আন্দোলনকারীদের জন্য প্রতিবাদ কর্মসূচি আয়োজন কঠিন করে তুলতে পারে।

দিল্লির লুটিয়েন্স এলাকার কাছাকাছি অবস্থিত ১২ একরের রামলীলা ময়দানে কর্মসূচি আয়োজন করতে প্রতিদিন ৫০ হাজার রুপি বুকিং ফি দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে ৫৫ হাজার রুপির অফেরতযোগ্য জামানত।

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) এক কর্মকর্তা জানান, পুরো মাঠ একসঙ্গে বুকিং করতে হয়। ফলে ছোট সংগঠনগুলোর জন্য এই ব্যয় বহন করা কঠিন হতে পারে। উৎসবের মৌসুমে মাঠটি পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতাও বাড়তে পারে।

অন্যদিকে, শাহদারায় অবস্থিত ১২ একরের সিবিডি ময়দান বাণিজ্যিক ও আবাসিক এলাকা, বিপণিবিতান এবং হোটেল দিয়ে ঘেরা। ফলে সেখানে বড় ধরনের সমাবেশ আয়োজনের ক্ষেত্রে যানজট ও প্রতিবাদের পরিবেশ নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

উত্তর-পশ্চিম দিল্লির ৫০ একরের বুরারি ময়দান আয়তনে বড় হলেও যন্তর মন্তর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে আন্দোলনকারীদের একটি অংশ স্থানটিকে ‘খোলা জেলখানা’ বলে অভিহিত করেছেন। তাঁদের আশঙ্কা, শহরের কেন্দ্র থেকে দূরে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করলে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হবে।

লেখক ও নগর গবেষক সোহেল হাশমি মনে করেন, প্রতিবাদের স্থানকে ক্ষমতার কেন্দ্র থেকে এত দূরে সরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের পক্ষে সরকারের কাছে দাবি তুলে ধরার সুযোগ সংকুচিত হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের উদাহরণ টেনে তিনি এ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনকারীদের উদ্বেগ, প্রতিবাদের স্থান নির্ধারণের ক্ষেত্রে দূরত্ব, ব্যয় ও প্রবেশগম্যতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করা হলে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর সুযোগ কার্যত সীমিত হয়ে পড়তে পারে।

এমএজেড
আরও পড়ুন