রূপালি পর্দার তারকাখ্যাতি আর রাজনীতির ময়দান—দুয়ের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেলো দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় তিন মুখকে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখে ভক্তদের মনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। অবশেষে জানা গেল, কোন বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন এই তারকারা।
আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’ ছবির মুক্তির ঠিক আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা মেগাস্টার থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করতে যান অভিনেতা বিজয় দেওরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। মূলত তাঁদের নতুন সিনেমার প্রচার এবং প্রিয় অভিনেতা তথা অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি সম্মান জানাতেই এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি ও নিজেদের অনুভূতির কথা শেয়ার করেছেন বিজয় ও রাশমিকা। আবেগপ্রবণ পোস্টে রাশমিকা লিখেছেন, ছোটবেলা থেকে যার অন্ধ ভক্ত তিনি, যাঁর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং যিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী—তাঁর এই বর্ণাঢ্য পথচলা সত্যিই অবিশ্বাস্য ও অনুপ্রেরণামূলক।
অন্যদিকে, বিজয় দেওরাকোন্ডা জানিয়েছেন, ব্যস্ত শিডিউলের পরও থালাপতি বিজয় যেভাবে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবনের নানা মূল্যবান অভিজ্ঞতা ও কাজের গল্প ভাগ করে নিয়েছেন, তাতে তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন।
পরিচালক রাহুল সাংকৃত্যায়নের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ১৮৭৬-৭৮ সালের ঐতিহাসিক মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে তৈরি এই ছবিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে ‘সিঙ্গারামালা ববিলি রণবাগী’ চরিত্রে বিজয় দেওরাকোন্ডা এবং তাঁর স্ত্রী ‘জয়াম্মা’র চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ছবি মুক্তির দোরগোড়ায় তারকাদের এই বিশেষ সাক্ষাৎ বিনোদন মহলে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
যেভাবে সৌদির আকাশ প্রতিরক্ষা ভেদ করে রিয়াদে হামলা করছে হুথিরা