ইসরায়েলে ক্লাস্টার বোমা বিস্ফোরণ, নিহত ১, অহত ২৪

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ এএম

ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি স্কুলের শিক্ষাসফরে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবানন সীমান্তের কাছের এক বনাঞ্চলে পড়ে থাকা ক্লাস্টার বোমা বিস্ফোরিত হয়ে ১৩ বছরের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আরও ২৪ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গত সোমবার নাফতালি মাউন্টেনস ফরেস্টের একটি প্রাকৃতিক পথে হাঁটার সময় শিক্ষার্থীরা একটি অবিস্ফোরিত বোমার মুখোমুখি হয়। কৌতুহলবশত এক শিক্ষার্থী বস্তুটি হাতে নিলে মুহূর্তেই তা বিস্ফোরিত হয়। এই রুটটি ব্যবহারের জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেও বন এলাকায় প্রবেশে স্থানীয় কর্তৃপক্ষের আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।

নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইসরায়েলজুড়ে বিভিন্ন যুদ্ধের হাজার হাজার অবিস্ফোরিত অস্ত্র ও সাবমিউনিশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় হিজবুল্লাহর ছোড়া রকেটগুলো বিস্তীর্ণ অঞ্চলে ক্লাস্টার বোমার অংশ ছড়িয়ে দেয়। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় এসব অস্ত্র চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

এই প্রাণঘাতী দুর্ঘটনার পর দায়িত্ব এড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশ এবং শিক্ষা মন্ত্রণালয় একে অপরের ওপর দায় চাপাচ্ছে। কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা হয়নি দাবি করলেও, শিক্ষা সফর পরিচালনাকারী কর্তৃপক্ষ নিরাপত্তা ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখছে।

অবিস্ফোরিত অস্ত্র অপসারণে সমন্বিত ও বিস্তৃত অভিযানের অভাবের কারণে একই ধরণের ট্র্যাজেডির ঝুঁকি বেড়েই চলেছে। জনসাধারণের হাঁটাচলার উন্মুক্ত রুট ও কৃষিজমিতে ছড়িয়ে থাকা এসব বোমার কারণে বর্তমানে সাধারণ মানুষকে চরম নিরাপত্তা ঝুঁকিতে দিন কাটাতে হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত