কুয়েটের সমাবর্তন ১২ জানুয়ারি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী বছরের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজনের জন্য সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি চিঠি দিয়ে সমাবর্তনের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা চিঠিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ জানুয়ারি সমাবর্তনে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন।

চিঠিতে সমাবর্তনের সময়সূচি নির্ধারণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বঙ্গভবনের রাষ্ট্রপতির দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং কুয়েটের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত