‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের নানা গল্প গণমাধ্যমে দেখা যাচ্ছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অপরাধ দমনে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাবের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারেরও উদ্বোধন করা হয়।

সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য চট্টগ্রামের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের এত দিন ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে ডিজিটাল আলামত বিশ্লেষণের সুযোগ বাড়বে এবং তদন্তে ঢাকানির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্তে প্রযুক্তিগত আলামত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে ডিজিটাল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে বিশেষায়িত ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত