মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে সংসদীয় কমিটির তাগিদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

দেশে প্রাণিজ প্রোটিনের চাহিদা মেটাতে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বহুগুণ বাড়ানোর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সাথে গবাদিপশু ও অন্যান্য প্রাণীর চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় টিকা ও ওষুধের সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর পরিদর্শনকালে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এসব দিকনির্দেশনা দেন। এ সময় কমিটির সদস্য আলী আজম মো: আবু বকর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদীয় কমিটি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং সামুদ্রিক মৎস্য আহরণে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। মাছের সার্বিক উৎপাদন বাড়াতে অধিদপ্তরকে নিয়মিত কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

এদিকে ইলিশ সুরক্ষায় নির্ধারিত নিষেধাজ্ঞা চলাকালে প্রান্তিক জেলেদের জীবনমান রক্ষায় জোর দিয়েছে কমিটি। ওই সময়ে জেলেরা যেন খাদ্য ও আর্থিক সংকটে না পড়েন, সে জন্য সরকারি সুবিধা ও প্রণোদনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে হাঁস-মুরগির খামার বৃদ্ধি, গর্ভবতী ও দুগ্ধবতী গাভীর সঠিক পরিচর্যা এবং দেশীয় গরুর জাত সংরক্ষণে জোর দেওয়া হয়েছে। সেই সাথে বাজারে প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতে মনিটরিং বাড়ানোর কথা বলা হয়।

এছাড়া প্রাণীর পুষ্টি নিশ্চিত করতে উন্নত জাতের ঘাস চাষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন এবং জলাতঙ্ক প্রতিরোধে নেয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছে কমিটি। এসব পদক্ষেপ সফল হলে জাতীয় খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

এইচএন
আরও পড়ুন