বিয়ে না করে ভালোই আছি, তবে সন্তান চাই: সালমান খান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

জনপ্রিয় সঞ্চালক করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এর নবম ও চূড়ান্ত সিজনের প্রথম অতিথি হয়ে এসে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে, নিঃসঙ্গতা ও বাবা হওয়ার স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড ভাইজান সালমান খান।

সম্প্রতি জিওহটস্টারে (JioHotstar) প্রচারিত এই পর্বে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে তিনি সন্তুষ্ট, তবে জীবনের কোনো একপর্যায়ে সন্তানের বাবা হতে চান।

অনুষ্ঠানের শুরুতেই করণের বন্ধু আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা উঠলে সালমান স্বভাবসুলভ হাসিতে বলেন, "আমি আমিরের জন্য খুব খুশি।" এরপর যখন তাঁর নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয়, ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেন, "আমি নিজের মতো বেশ ভালোই আছি।"

২০১৪ সালে এই শো-তেই দেওয়া তাঁর ভাইরালে পরিণত হওয়া "ভার্জিন" মন্তব্যের বিষয়টি উসকে দিলে সালমান হেসে ফেলে বলেন, "ওটা ছিল তোমাক (করণকে) থামানোর একটা উপায়! আমি বলতে চেয়েছিলাম, 'করণ, আমি এই বিষয়ে কথা বলতে চাই না'। কারণ তুমি সব সময় বলতে অমুকের সাথে ডেটিং চলছে... কিন্তু আমি কখনোই এগুলো নিয়ে কথা বলতে চাইনি।"

ব্যক্তিগত জীবন গোপনে রাখার বিষয়ে বাবা সেলিম খানের দেওয়া পরামর্শের কথা স্মরণ করে সালমান বলেন, "আমার বাবা বলেছিলেন—ব্যক্তিগত জীবন হলো বেডরুম আর পুরো দেশটা হলো লিভিং রুম। যা তুমি লিভিং রুমে বলতে পারবে, তা সারা দেশকে বলো। আর যা বেডরুমের বিষয়, তা যেন লিভিং রুম পর্যন্ত না আসে।"

একসঙ্গী না থাকার কারণে করণ জোহর যখন নিজের নিঃসঙ্গতার কথা বলেন, তখন সালমান তাঁকে মনে করিয়ে দেন যে করণের পাশে তাঁর মা এবং সন্তানরা আছে। সালমান বলেন, "নিঃসঙ্গতা তখনই আসে যখন কেউ আপনার পাশে থাকতে চায় না। কিন্তু করণ, তোমাকে সঙ্গ দেওয়ার মতো অনেক মানুষ আছে।"

ভবিষ্যতে নিজের সন্তান মিস করেন কি না জানতে চাইলে সালমান ইতিবাচক উত্তর দিয়ে বলেন, "অবশ্যই, জীবনের কোনো না কোনো সময়ে আমার সন্তান হবে।"

বিয়ে না করার চূড়ান্ত দায় নিজের ওপর নিয়ে সালমান যোগ করেন, "আমাকে বা তোমাকে কেউ বিয়ে করতে বাধা দেয়নি। আমরা নিজেরাই নিজেদের থামিয়ে রেখেছি। আমি কাউকে দোষ দিতে পারি না, এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। তবে হ্যাঁ, সন্তান অবশ্যই আসবে।"

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ওয়াইএ
আরও পড়ুন