ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে অংশ নিতে শনিবার (১৭ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। অধিবেশনে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক হিসেবে আরাঘচি তাঁর দেশের অবস্থান ব্যাখ্যা করবেন। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাগদাদে পৌঁছানোর পরপরই আরাঘচি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপপ্রধান আবু মাহদি আল-মুহানদিসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। যে স্থানে মার্কিন হামলায় তাঁরা নিহত হয়েছিলেন, সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন ১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য, ‘সংলাপ ও সংহতি: শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার দুটি অপরিহার্য ভিত্তি’।
দুই দিনব্যাপী এই অধিবেশনে মুসলিম বিশ্বের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি
প্রতিবেশী দেশের ভূখণ্ড ইরানে হামলায় ব্যবহৃত হলে মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না: আরাঘচি
সৌদির জুবাইল বন্দরের কাছে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত