কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন নতুন টর্পেডো ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ‘জাম-২.০’ নামের এই অস্ত্র লক্ষ্যবস্তু শনাক্ত করে নির্ভুলভাবে সেদিকে এগিয়ে যেতে সক্ষম। তবে এতে কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পিয়ংইয়ং।
শনিবার (১৭ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার নতুন টর্পেডো ব্যবস্থাটির পরীক্ষা চালানো হয়। অস্ত্রটিকে ‘অত্যন্ত দ্রুতগতির ও নির্ভুলভাবে পরিচালিত’ বলে বর্ণনা করেছে দেশটি।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার মাধ্যমে টর্পেডোটির চালনা ব্যবস্থার কার্যকারিতাও যাচাই করা হয়েছে। গত পাঁচ বছরে ১৮০ বারের বেশি পরীক্ষা চালিয়ে এই প্রযুক্তি উন্নত করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর আগে উত্তর কোরিয়ার বিভিন্ন অস্ত্রের সক্ষমতা নিয়ে দেশটির দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছিল সিউল।
নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছেন কিম জং উন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যে প্রায় তিন বছর পর পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষাও রয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পর এখন নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন দেশটির নেতা কিম জং উন।
বিশেষজ্ঞদের ধারণা, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এমন একটি সাবমেরিন ব্যবহার করা হয়ে থাকতে পারে, যা এখনো আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়নি। উত্তর কোরিয়ার দাবি, সাবমেরিনটি পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের উপযোগী করে তৈরি করা হচ্ছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেও এআই ব্যবহারের দাবি
গত ২০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বিভিন্ন পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করার সক্ষমতা বাড়ানো এসব অস্ত্রের অন্যতম লক্ষ্য।
কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দাবি করেছেন, ৩ অক্টোবর পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তবে কিছু বিশেষজ্ঞের ধারণা, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরিচালনার সফটওয়্যার উন্নত করলেও অস্ত্রগুলোতে অত্যাধুনিক ডিজিটাল সক্ষমতা এখনো সীমিত থাকতে পারে। বিশেষ করে মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করার মতো প্রযুক্তি এসব অস্ত্রে রয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সূত্র: এপি
ইসলামি সহযোগিতা সংস্থার অধিবেশনে অংশ নিতে বাগদাদে পৌঁছেছেন আরাঘচি
৭ বছর পর ত্রিদেশীয় টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ