ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. সিপন মিয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে ওসেকের পেছনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে ঢামেক পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী