ভারতীয় এক কিশোরের চোখের উপরে দাঁত!

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

চোখের কোটরের ভেতরে দাঁত গজানোর এক অত্যন্ত বিরল ঘটনা সামনে এসেছে ভারতে। চোখের ওপরের অংশে ব্যথাহীন একটি ফোলা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর ১৬ বছর বয়সী এক কিশোরের চোখের কোটরে পূর্ণাঙ্গ দাঁতের সন্ধান পান চিকিৎসকেরা। চিকিৎসাবিজ্ঞানে এমন অস্বাভাবিক অবস্থানকে বলা হয় ‘এক্টোপিক টুথ’।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরটির বাঁ চোখের ওপর, চোখের পাতা ও ভ্রুর মাঝামাঝি স্থানে প্রথমে ছোট একটি ফোলা দেখা দিয়েছিল। পরে ওই স্থানের চামড়া ভেদ করে শক্ত, সাদা দুটি অংশ বেরিয়ে আসতে শুরু করে। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা ও কম্পিউটেড টমোগ্রাফি (সিটি) স্ক্যান করেন।

স্ক্যানের ফলাফলে দেখা যায়, কিশোরটির চোখের কোটরের ওপরের অংশে একটি পূর্ণাঙ্গ দাঁত তৈরি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে চোখের কোটরের এ অংশকে ‘সুপিরিয়র অরবিট’ বলা হয়। ঘটনাটি নিয়ে প্রকাশিত কেস স্টাডিতে চিকিৎসকেরা উল্লেখ করেছেন, এ নির্দিষ্ট স্থানে এক্টোপিক দাঁত শনাক্ত হওয়ার এটিই প্রথম নথিভুক্ত ঘটনা।

কী এই এক্টোপিক দাঁত?

সাধারণত দাঁত মুখের ভেতরে মাড়ি থেকে গজায়। কিন্তু কোনো কারণে দাঁত মুখের বাইরে বা স্বাভাবিক অবস্থানের পরিবর্তে অন্য জায়গায় তৈরি হলে কিংবা গজালে তাকে এক্টোপিক দাঁত বলা হয়। মুখের তালু বা নাকের গহ্বরে অস্বাভাবিক অবস্থানে দাঁত পাওয়া বিরল হলেও চিকিৎসাবিজ্ঞানে এমন ঘটনার নজির রয়েছে। বিকাশগত ত্রুটি বা আঘাতের কারণে নাকের ভেতরেও দাঁত তৈরি হতে পারে। তবে চোখের কোটরের ভেতরে দাঁত পাওয়া অত্যন্ত অস্বাভাবিক।

কেস স্টাডির সহলেখক চিকিৎসক মেঘনা তানওয়ারের ভাষ্য অনুযায়ী, সুপিরিয়র অরবিটে এক্টোপিক দাঁত শনাক্ত হওয়ার এটিই প্রথম ও একমাত্র নথিভুক্ত ঘটনা। চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরটির মাথার খুলির অন্য কোথাও অতিরিক্ত দাঁত পাওয়া যায়নি।

কেন এমন হলো, স্পষ্ট নয়

কিশোরটির মুখে আঘাত পাওয়ার কোনো ইতিহাস ছিল না। তার ক্ষেত্রে কোনো জিনগত সমস্যার প্রমাণও চিকিৎসকেরা পাননি। ফলে দাঁতটি কেন চোখের কোটরের ভেতরে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়।

চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে দাঁতটি নিরাপদে অপসারণ করেন। এতে ফোলাভাবের সমস্যার সমাধান হয় এবং ভবিষ্যতে জটিলতার আশঙ্কাও কমানো সম্ভব হয়। চিকিৎসক তানওয়ার ঘটনাটির বিরলতা তুলে ধরে বলেন, এটি শুধু তাদের জন্য নয়, বিশ্বজুড়েই প্রথম অভিজ্ঞতা। এমন ঘটনা দেখে তারা নিজেরাও বিস্মিত হয়েছিলেন।

চোখের কোটরের মতো সংবেদনশীল স্থানে দাঁত তৈরি হওয়ার ঘটনা মানবদেহের বিকাশগত অস্বাভাবিকতা সম্পর্কে চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় নতুন আগ্রহ তৈরি করেছে। তবে কেন এমন ঘটনা ঘটে, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত