ইয়েমেনের তাইজ প্রদেশে ৪৮ ঘণ্টায় হুথি বাহিনীর বিরুদ্ধে ১০৯টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করেছে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। এসব ঘটনায় আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাতজন নারী ও চারটি শিশু।
প্রতিবেদন অনুযায়ী, তাইজ শহরের কেন্দ্রস্থলে সিনা এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বাহিনী। পাশাপাশি প্রদেশটির বিভিন্ন আবাসিক এলাকায় মর্টার শেল, কাতিউশা রকেট, কামানের গোলা ও ড্রোন ব্যবহার করে প্রায় ১৪৭টি হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।
মানবাধিকার সংগঠনটির দাবি, গত ৪৮ ঘণ্টায় ২৪ জন বেসামরিক নাগরিককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২৩টি বাড়িতে অভিযান চালানো হয়েছে।
গোলাবর্ষণে ১৭টি বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি ব্যক্তিগত যানবাহন।
সংগঠনটি এসব ঘটনাকে বেসামরিক জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে হুতি কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তাইজে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি মানবিক সংকটও তীব্র হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করেছে, ইয়েমেনে লড়াই জোরদার হওয়ার পর থেকে আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘের সতর্কবার্তা অনুযায়ী, তাইজে খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর মজুত কমে আসছে। এতে সংঘাতকবলিত সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে হুতি বাহিনী ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ঘিরে রেখেছে। একই সঙ্গে শহরটির সঙ্গে ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের সংযোগকারী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সংঘাত অব্যাহত থাকলে বেসামরিক মানুষের নিরাপত্তা ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত দেশগুলোকেও চড়া মূল্য দিতে হবে: তেহরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রে জন্মদিনের উপহারের বন্দুক দিয়ে স্কুলে ৪ জনকে হত্যা
‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার ফ্রান্স: নেতানিয়াহু