মুচলেকা দিয়ে মুক্তি পেলেন সিজেপির নেতারা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

দিল্লির যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার লিখিত অঙ্গীকার দিয়ে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুই নেতা আইনশৃঙ্খলা রক্ষা, জনশান্তি বজায় রাখা এবং যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল থাকা পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভ না করার লিখিত অঙ্গীকার দেন।

আদালত ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও জামিননামার শর্তে তাঁদের মুক্তির নির্দেশ দেন। তবে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার ধার্য করা হয়েছে।

গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন এই দুই নেতা। এর আগে ১৩ অক্টোবর যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তাঁরা। প্রতিবাদস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছিল।

এর আগে ১০ অক্টোবর নির্বাচনী অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দিয়ে আটক হওয়ার পর শান্তি বজায় রাখার মুচলেকা দিয়েছিলেন তাঁরা। ওই অঙ্গীকার ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে প্রসিকিউশন।

এদিকে রিমান্ডের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন দুই নেতা। শুনানিতে শান্তি বজায় রাখার অঙ্গীকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরা হয়। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক পুরো প্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের কারাবাস দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছিলেন।

ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও একতরফা কার্যক্রমের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে দলটি।

সূত্র: এনডিটিভি

এমইউ
আরও পড়ুন