ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে একই মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বিমান বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে এসএফ-২৬০ মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট সামরিক বিমান মাঝ আকাশে সংঘর্ষে জড়ায়। পরে বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়।

ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হয়েছে। তবে অন্য কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে, গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হন।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত