যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ শুরুর হুমকির জবাবে আত্মরক্ষার জন্য কোনো শক্তির অনুমতির অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে না। হুমকি দিয়ে দেশটির স্বাধীনতা ও নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।
ইরানের সরকারি মুখপাত্রের প্রকাশিত এক বিবৃতির শিরোনাম ছিল, হুমকি দিয়ে ইরানকে ধ্বংস করা যাবে না। এতে মোহাজেরানি বলেন, ইরানের শত্রুরা এমনভাবে দেশটির ভাগ্য নিয়ে কথা বলছে, যেন একটি নির্দেশেই কোনো দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা যায়, ইতিহাসের স্মৃতি থেকে নিশ্চিহ্ন করা যায় একটি সভ্যতাকে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এবং ইসরায়েলি নেতৃত্বকে বুঝতে হবে, ইরানের ভবিষ্যৎ তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার ওপর নির্ভরশীল নয়।
তিনি আরও বলেন, হুমকি বারবার উচ্চারণ করলেই বাস্তবতা বদলে যায় না। একইভাবে, কোনো দাবি জোরে বললেই তা সত্যে পরিণত হয় না। ইরান তার স্বাধীনতা কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অন্য কারও হাতে তুলে দেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ইরান সচেতন বলে উল্লেখ করে মোহাজেরানি বলেন, যুদ্ধের প্রতিটি ধ্বংসাত্মক ঘটনায় মানুষের জীবন বিপর্যস্ত হয়, আর প্রতিটি প্রাণহানির পর কোনো না কোনো পরিবারকে দীর্ঘস্থায়ী শোক বয়ে বেড়াতে হয়। এ কারণেই ইরান দায়িত্বশীলতার জায়গা থেকে শান্তির কথা বলে এবং যুদ্ধ ঠেকানোর চেষ্টা করে। তবে শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে ইরানের আত্মরক্ষার প্রশ্নে দ্বিধা হিসেবে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।
মোহাজেরানির ভাষ্য অনুযায়ী, দেশের মানুষের জীবন, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা ইরানের দায়িত্ব। এই দায়িত্ব পালনে দেশটি কখনো পিছপা হবে না। আত্মরক্ষার জন্য কোনো শক্তির অনুমতির অপেক্ষা না করার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইরানের ভূখণ্ড সুরক্ষিত রাখার দায়িত্ব দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনীর ওপর ন্যস্ত।
ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সিদ্ধান্ত নিলে তার মূল্য ও পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকারি মুখপাত্র। তার মতে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং জনগণের মনোভাব বিবেচনায় না নিয়ে দেশটি সম্পর্কে কোনো মূল্যায়ন করা হলে তা হবে মৌলিকভাবে ভুল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে মেহের নিউজের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইরান একসময় বৈশ্বিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে: আইআরজিসি
ইরান সংঘাত নিরসনে কূটনীতির আহ্বান আট দেশের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পাকিস্তানের অনুমোদন, ইসরায়েলের সামরিক মহড়া