মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচার পাওয়ার উদ্দেশ্যেই বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, বর্তমান পরিস্থিতিতে শত্রুপক্ষ কার্যকর সামরিক অভিযান চালাতে পারবে না এ বিষয়টি তারা অন্য সবার চেয়ে ভালো জানে। নিজেদের লক্ষ্য অর্জনে তারা নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।
ট্রাম্পের এসব বক্তব্যের সমালোচনা করে মোহেব্বি বলেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতিগুলোর উদ্দেশ্য হলো গণমাধ্যমে প্রচার পাওয়া এবং ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত থাকবে ইরান। এমনকি সীমিত পরিসরে কোনো পদক্ষেপ নেওয়া হলেও ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে পাল্টা জবাব কয়েক গুণ বেশি শক্তিশালী হবে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ।
হুথি হামলার পর আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো সৌদি বিমানবন্দরকর্মীর