ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্নব’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

এমইউ
আরও পড়ুন