ইসরায়েলে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আইজেনকোটের দাবি, নির্বাচনে উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে ইসরায়েলিরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী জোট জনগণের আস্থা হারিয়েছে।
মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনের পর বুধবার (২৮ অক্টোবর) ভোরে তেল আবিবে দলের নির্বাচনী কার্যালয়ে দেওয়া ভাষণে আইজেনকোট বলেন, এখনো কেবল বুথফেরত জরিপের ফল পাওয়া গেছে, প্রকৃত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে তার মতে, নেতানিয়াহুর তুলনায় ইসরায়েলের জাতীয়তাবাদী ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা এখন আরও বড় ও শক্তিশালী।
আইজেনকোট বলেন, নির্বাচনে এত বেশি মানুষের অংশগ্রহণের পর আবার ভোট আয়োজন করা ভুল হবে। জনগণের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় সবকিছু করা তার দায়িত্ব। তিনি বলেন, নতুন নেতৃত্ব, বিভাজন ও উসকানিমুক্ত রাজনীতি এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবার দাবিতে লাখো ইসরায়েলি ভোট দিয়েছেন। তাঁদের প্রত্যাশা পূরণে তিনি একটি জায়নবাদী সরকার গঠনের সর্বোচ্চ চেষ্টা করবেন।
নতুন সরকারে সব নাগরিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আইজেনকোট বলেন, তার দল ধর্মনিরপেক্ষ, ধর্মীয় ও ঐতিহ্যবাদী, সমাজের বিভিন্ন অংশের মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে। তিনি এমন একটি স্থিতিশীল সরকার গঠন করতে চান, যা ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে এবং দ্রুত দেশের বিভক্ত সমাজকে একত্র করার উদ্যোগ নেবে।
আইজেনকোটের ভাষণে ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ সমুন্নত রাখা, সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করে আইন প্রণয়ন এবং হামাসকে ভেঙে দেওয়ার অঙ্গীকারও উঠে আসে। তিনি বলেন, দেশের অগ্রাধিকার বদলে এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যা বিভাজনের বদলে ঐক্যকে গুরুত্ব দেবে।
ভাষণের একপর্যায়ে ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকোট বলেন, নেতানিয়াহু এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী; তার হাতে নতুন করে পাওয়া জনসমর্থন বা নির্বাচনী ম্যান্ডেট নেই। কর্মকর্তাদের রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থে কাজ করার এবং যেকোনো চাপের মুখে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে আইজেনকোট বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার চেষ্টা করা উচিত হবে না।
ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি ও অস্তিত্বের সঙ্গে জড়িত নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আইজেনকোট বলেন, দেশটির এখন স্থিতিশীল ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। তার ভাষ্য, এই নির্বাচনকে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের জয় হিসেবে দেখা উচিত নয়; বরং পুরো ইসরায়েলের জন্য নতুন পথচলার সূচনা হিসেবে দেখতে হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল
৫৪ আসনে এগিয়ে নেতানিয়াহুর জোট, বিরোধীরা ৪৭ আসনে
বিরোধী দলের সমর্থনে সরকার গড়তে পারেন নেতানিয়াহু
আমরা গর্জনকারী সিংহ, ইসরায়েল চিরকাল টিকে থাকবে: নেতানিয়াহু